নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেন, বিদ্যমান আইন অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।
মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আইনের যথার্থ কথাই বলেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বাধা নেই। আইনি প্রক্রিয়ার সমাধান না হওয়া পর্যন্ত তারা আগের মতোই থাকবেন। আইনও আগের মতো বহাল রয়েছে। ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।
অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তাঁদের বিষয়ে আশা ও আস্থা রাখা যেতে পারে। ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।