নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
ইকুয়েডরের একটি গির্জায় প্রার্থনাসভা সরাসরি সম্প্রচারের সময় বড় একটি কাঠের ক্রুশ ভেঙে পড়ে এক যাজকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশটির গুয়ায়াকিল শহরের নুয়েস্ত্রা সেনিওরা দেল পেরপেতুয়ো সোকোরো গির্জায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাজকের নাম ফাদার পাত্রিসিও আলফ্রেদো সানচেজ মোলিনারি।
সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, যাজক সানচেজ মোলিনারি গির্জার বেদিতে দাঁড়িয়ে খ্রিষ্টীয় উপাসনার অংশ হিসেবে কমিউনিয়ন প্রস্তুত করছিলেন। এ সময় তাঁর পেছনে থাকা বড় কাঠের ক্রুশটি হঠাৎ সামনের দিকে ভেঙে পড়ে তাঁকে আঘাত করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানের ভিডিওতে দুর্ঘটনার পর গির্জায় উপস্থিত লোকজনের চিৎকার ও যাজককে উদ্ধারের চেষ্টা দেখা যায়। ভিডিওতে এক নারীকে অ্যাম্বুলেন্স ডাকার জন্য চিৎকার করতেও শোনা যায়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
গুয়ায়াকিলের আর্চডায়োসিস এক বিবৃতিতে যাজকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে পেরপেতুয়ো সোকোরো গির্জার যাজক হিসেবে তাঁর অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করা হয়।
ইকুয়েডরের সংবাদমাধ্যম প্রিমিসিয়াসের তথ্য অনুযায়ী, মৃত্যুর মাত্র এক দিন আগে যাজক হিসেবে অভিষেকের বার্ষিকী উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছিল আর্চডায়োসিস।
সানচেজ মোলিনারি ক্যাথলিক ধর্মীয় সংগঠন ‘কংগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমার’-এর সদস্য ছিলেন, যা রিডেম্পটরিস্ট নামেও পরিচিত। গুয়ায়াকিলে দায়িত্ব পালনের আগে তিনি দেশটির লস রিওস প্রদেশের ভিনসেস শহরের সান লরেঞ্জো গির্জায় কয়েক বছর যাজক হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, কী কারণে কাঠের বিশাল ক্রুশটি ভেঙে পড়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে গির্জা কর্তৃপক্ষের পক্ষ থেকেও প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।