নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৬০ গ্রাম গাঁজা ও ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, ৪০ জন মাদকসেবী, ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার দুজন আসামি, অন্যান্য ধারায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন সদস্য রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একজন মাদকসেবী ও অন্যান্য ধারায় একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ পাঁচ মাদকসেবী, পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০টি ইয়াবা বড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দুই মাদকসেবী ও নিয়মিত মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ সাত মাদকসেবী ও অন্যান্য ধারায় একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে।
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ২৪ জন। তাঁদের মধ্যে ২০ জন মাদকসেবী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্য রয়েছেন।
রূপগঞ্জ থানা পুলিশ পাঁচ মাদকসেবী ও তিন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার একজন আসামি ও অন্যান্য ধারায় একজনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।