
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর: দিনাজপুরে বিশেষ অভিযানে শহর থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে তাদের কাছ থেকে ২০ হাজার ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সিপাহিপাড়া ঢাকাইয়া পটি লাইনপার এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানা এবং তার স্ত্রী লাকি।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় দিনাজপুর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শহরের পৃথক দুই স্থানে অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিনের চিহ্নিত ওই মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা সম্ভব হয়।
অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, দিনাজপুরকে মাদকের ভয়াবহ বিস্তার থেকে রক্ষা করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ২০,২০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ২টি ব্যাগ, মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “দিনাজপুরে মাদক ব্যবসায়ীদের জন্য কোনো ‘কমফোর্ট জোন’ থাকবে না। মাদক কারবারীদের জন্য এই জেলা এখন সম্পূর্ণ ‘ডেঞ্জার জোন’। যে কোনো মূল্যে জেলা থেকে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে।”
তিনি আরও জানান, মাদক নির্মূলে এলাকাবাসীকে সম্পৃক্ত করে প্রতিটি পাড়া-মহল্লায় মসজিদ কমিটি, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। মাদকের সেবন থেকে শুরু করে কেনাবেচা—সবক্ষেত্রেই কঠোর আইনি প্রতিরোধ বজায় রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।