নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
হাসপাতালের কক্ষেই ধূমপান, সঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশ—আকস্মিক পরিদর্শনে এমন দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাসপাতালটির বিভিন্ন বিভাগ আকস্মিকভাবে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ, হাসপাতালের পরিচ্ছন্নতা এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করে তাকে ধূমপান করতে দেখেন সরকারপ্রধান। কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বর্তমান নিউজের পক্ষ থেকে: হাসপাতালের পরিবেশ, পরিচ্ছন্নতা ও পেশাগত দায়িত্বশীলতা নিয়ে এ ঘটনাটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জবাবদিহির বিষয়টিও সামনে এনেছে।