নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকার মো. ইসমাইল মিয়ার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইসমাইল মিয়া (২৮), মো. মাসুদ রানা (২৫), মো. ফরহাদ মিয়া (২২) ও ওসমান গনি (২৭)। তারা সবাই রূপগঞ্জ উপজেলার কামসাইর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে মোট ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।