মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী, পথচারীদের সঙ্গে কথা বলে নিলেন খোঁজখবর
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে সরেজমিনে পরিদর্শনকালে তিনি পথচারীদের সঙ্গে কথা বলেন এবং ফুটপাত দিয়ে চলাচলে তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাঁদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। পাশাপাশি বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, সে বিষয়েও তাঁদের মতামত শোনেন।
এ সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও ভোগান্তির কথা জানার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। রাজধানীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়েও তিনি খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
তিনি বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করা জরুরি।