ক্রীড়া প্রতিবেদক।বর্তমান নিউজ
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ঢাকা থেকে রাজশাহীতে ফেরার পথে ক্রিকেটারদের সরঞ্জাম বহনকারী গাড়ি থেকে আটটি লাগেজ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এসব লাগেজে পাসপোর্ট, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল বলে জানা গেছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলে রাজশাহী বিভাগের ক্রিকেটাররা নিজ শহরে ফিরে যান। গতকাল বিমানযোগে রাজশাহীতে পৌঁছান তাঁরা। এর আগের দিন ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছিল।
তবে ওই গাড়ি থেকেই আটটি লাগেজ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্রিকেটাররা পুলিশের কাছে অভিযোগ করেছেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগও ঘটনাটি খতিয়ে দেখছে।
এদিকে, আজ কয়েকটি লাগেজ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন রাজশাহী বিভাগের এক ক্রিকেটার। বাকি লাগেজগুলোও উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র বহনকারী গাড়ি থেকে লাগেজ উধাও হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে বাকি লাগেজগুলো কোথায় রয়েছে এবং কীভাবে সেগুলো নিখোঁজ হলো, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।