নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ওষুধ কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করতে যোগ দিয়েছে সেনাবাহিনী।
বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে। আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে, কারখানাটিতে আগুন লাগার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ফায়ার সার্ভিসের নতুন ইউনিটগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। আগুনের পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।