নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ
গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি উদ্ধার অভিযান ও নিরাপত্তা কার্যক্রমে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির ইউনিট-২-এর একটি ভবনের পিন সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং তা ভবনটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আশপাশের ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়।
আগুন থেকে সৃষ্ট ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল, উত্তরাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বুধবার দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় বর্তমানে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এ ছাড়া দুপুর দেড়টার দিকে কারখানার আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুন নেভানোর কাজে কারখানার ভেতরে থাকা সচল পাম্পের পাশাপাশি আশপাশের বসতবাড়ির পাম্প থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের অভিযান অব্যাহত ছিল। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।