নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
বর্তমান সচিবালয়ের তুলনায় দ্বিগুণ জায়গা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সচিবালয়ের অনেক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ছাড়া কয়েকটি মন্ত্রণালয়ের কার্যালয়ও সেখানে নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
তিনি জানান, মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হলে নতুন সচিবালয় নির্মাণের সার্বিক কার্যক্রম শুরু হবে। তবে প্রকল্পটি বাস্তবায়নে মোট কত টাকা ব্যয় হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারি পদ্ধতি চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী।
জাকারিয়া তাহের বলেন, লটারির মাধ্যমে বদলি ও পদায়নের ফলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আগে বদলি-বাণিজ্যের কারণে অনেক যোগ্য কর্মকর্তার যথাযথ পদায়ন হয়নি। দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করতেই সরকার এবার লটারি পদ্ধতি বেছে নিয়েছে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আরও জানান, এ পর্যন্ত গণপূর্ত অধিদপ্তরের ১ হাজার ৪৩০ জন প্রকৌশলী ও কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে।