দিনাজপুর প্রতিনিধি। বর্তমান নিউজ
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম। এ সময় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ গুপ্তসহ বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজার সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ও পূজামণ্ডপ কমিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় জোরদারে এ মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।