সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সিন্ডিকেটমুক্ত বাজারব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার সাইলো ও প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, “আমরাও চাই, ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ লক্ষ্যেই কাজ করছে। নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে দ্রুত যেকোনো সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের বিষয়ে আফরোজা খানম বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু হবে, তা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলোতে পৌঁছে সাইলো ও এর অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম ও খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।