
দিনাজপুর প্রতিনিধি। বর্তমান নিউজ
দিনাজপুরের পার্বতীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পার্বতীপুর থানাধীন হলদিবাড়ী নতুন বাজার এলাকায় এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ডিলার মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা এবং গ্যাস ডিলার মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসআরবি-১৩ জানায়, দিনাজপুর জেলার বিভিন্ন এলপিজি গ্যাস ডিলার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির তথ্য পাওয়ার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় তথ্যের সত্যতা নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
এসআরবির পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। বিজ্ঞপ্তিটি মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশ করা হয়।