নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন কার্যকরী পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও মতবিনিময়। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে বিজ্ঞ আইনজীবী মোঃ আজিজুর রহমান মোল্লার নামও আলোচনায় রয়েছে।
আজিজুর রহমান মোল্লা নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি আদালত অঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের কারণে সহকর্মীদের মধ্যে তাঁর পরিচিতি রয়েছে। আইনজীবীদের পেশাগত বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং সমিতির সার্বিক উন্নয়ন নিয়ে তাঁর অবস্থানকে ঘিরে সমর্থকদের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে।
সাধারণ সম্পাদক পদে তাঁর সম্ভাব্য প্রার্থিতা সামনে আসায় নির্বাচনী মাঠে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তাঁর অনুসারীদের প্রত্যাশা, নির্বাচিত হলে আইনজীবীদের কল্যাণ, পেশাগত অধিকার ও নিরাপত্তা, আদালত অঙ্গনের পরিবেশ উন্নয়ন এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি ভূমিকা রাখবেন।
তবে নির্বাচনকে সামনে রেখে এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। ফলে সাধারণ সম্পাদক পদে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্বাচনী তফসিল ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই স্পষ্ট হবে।
এদিকে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থী ও সমর্থকদের তৎপরতা।
আইনজীবী মহলের প্রত্যাশা, একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের পেশাগত স্বার্থ, কল্যাণ ও অধিকার রক্ষায় কার্যকর নেতৃত্ব নির্বাচিত হবে।