
নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
ছাত্ররাজনীতির পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ফ্যাসিবাদী রাজনীতি ও ক্ষমতার দালালি করা ব্যক্তিদের ইতিহাস একদিন কঠোরভাবে মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তি, ফতুল্লা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তৌকির আহমেদ ওমর।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি বলেন, “ছাত্ররাজনীতির লেবাস গায়ে দিয়ে যারা আজীবন ফ্যাসিবাদ ও ক্ষমতার দালালি করেছে, ইতিহাসের আস্তাকুঁড়ে তাদের নিক্ষিপ্ত হওয়া কেবল সময়ের ব্যাপার ছিল। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু তার অন্যতম বড় উদাহরণ।”
তৌকির আহমেদ ওমর দাবি করেন, ছাত্ররাজনীতি সব সময়ই দেশের গণতান্ত্রিক আন্দোলন, অধিকার আদায় এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে কিছু ব্যক্তি ছাত্ররাজনীতির পরিচয়কে ব্যবহার করে ক্ষমতাসীনদের স্বার্থ সংরক্ষণ ও ব্যক্তিগত সুবিধা আদায়ে ভূমিকা রেখেছেন, যা ছাত্ররাজনীতির আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি বলেন, যারা আদর্শ ও জনগণের প্রত্যাশা থেকে সরে গিয়ে ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করেছেন, সময়ের পরিক্রমায় তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড ইতিহাসের বিচারের মুখোমুখি হবেই। জনগণ এখন অতীতের ঘটনাগুলো নতুন করে মূল্যায়ন করছে এবং ইতিহাসও একসময় প্রকৃত সত্য তুলে ধরবে।
বক্তব্যে তিনি আরও বলেন, নতুন প্রজন্মের ছাত্রনেতাদের উচিত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়, গণতন্ত্র, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। ছাত্ররাজনীতিকে কোনোভাবেই ক্ষমতার হাতিয়ার বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়।
শেষে তৌকির আহমেদ ওমর বলেন, আদর্শিক, গণতান্ত্রিক ও জনমুখী ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। তাই তরুণ সমাজকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মোঃ তৌকির আহমেদ ওমর
সিনিয়র যুগ্ম আহ্বায়ক
**জাতীয় ছাত্রশক্তি, ফতুল্লা থানা