
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের কথা চিন্তা করে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তিনি সম্পূর্ণ বিনামূল্যে বাস সেবা চালু করেছেন।
এই উদ্যোগের আওতায় নির্ধারিত রুটে বাসের মাধ্যমে পরীক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো পরীক্ষা কেন্দ্রে আনা-নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে যানজট, পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন শিক্ষার্থীরা।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, একজন জনপ্রতিনিধির এমন শিক্ষাবান্ধব ও মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের পরীক্ষার সময় মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, "শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের পড়াশোনা ও পরীক্ষার সময় যেন কোনো ধরনের যাতায়াত সমস্যার মুখোমুখি হতে না হয়, সে লক্ষ্যেই এই বিনামূল্যের বাস সেবার ব্যবস্থা করা হয়েছে।"
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।