
বর্তমান নিউজ ডেস্ক:
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) আয়োজিত “গ্রীষ্মকালীন দাভোস” সম্মেলনে “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
মঙ্গলবার (২৪ জুন ২০২৬) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সেশন অনুষ্ঠিত হয়।
সেশনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর বাস্তবায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ (Loss and Damage Fund)-কে প্রতিশ্রুতির পর্যায় থেকে বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যেতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন আরও সহজলভ্য করা এবং সবুজ জলবায়ু তহবিল (GCF)-কে কার্যকরভাবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রশমন (Mitigation)-এর পাশাপাশি অভিযোজন (Adaptation) সমানভাবে অপরিহার্য। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সক্ষমতা বাড়াতে উন্নত প্রযুক্তি, টেকসই অর্থায়ন ও বৈশ্বিক অংশীদারিত্বের বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এর আগে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি (Alois Zwinggi)।
উল্লেখ্য, চীনের দালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের “গ্রীষ্মকালীন দাভোস”। “Innovating at Scale” বা “বৃহৎ পরিসরে উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উদীয়মান প্রযুক্তির বাস্তব প্রয়োগ, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তন-সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
এবারের সম্মেলনে বিশ্বজুড়ে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০-এর অধিক সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশ নিচ্ছেন। প্রযুক্তিগত অগ্রগতি এবং এর বিস্তৃত অর্থনৈতিক সুফলের মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে আনার বিষয়টিও এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে।