
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ করেছে বুবলী যুব কল্যাণ সংস্থা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বুধবার (১৭ জুন) বিকেল ৫টায় ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকার নবুমিস্ত্রী মসজিদ সংলগ্ন সমসের ভিলা ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তার। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে খাদ্য সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
বুবলী আক্তার বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। জেলা প্রশাসনের সহযোগিতায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
চাল বিতরণ শেষে উপকারভোগীরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সংস্থার সদস্য সুবলী আক্তার, শিউলি আক্তারসহ অন্যান্য সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।