
বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদলের দুই নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যুবদল নেতা মো. মাসুম বিল্লাহ (২৭) এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তারা সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও দলীয় নেতাকর্মীরা ঘটনাটিকে মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।