বর্তমান নিউজ ডেস্ক:
ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং modelgroup.com.bd�-এর কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচনে মোট ৭৪টি ভোটের মধ্যে ৭০টি ভোট পেয়ে তিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। ভোটের ফলাফল ঘোষণার পর ক্রিকেট অঙ্গন, ব্যবসায়ী মহল এবং তার শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। বিপুল ভোটে বিজয় তার প্রতি ভোটারদের আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাসুদুজ্জামান মাসুদ দীর্ঘদিন ধরে দেশের শিল্প ও ব্যবসা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ক্রীড়াঙ্গনের উন্নয়নেও তার আগ্রহ ও সম্পৃক্ততা রয়েছে বলে পরিচিত মহলে জানা যায়।
বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ক্রিকেট ব্যবস্থাপনা গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর মাসুদুজ্জামান মাসুদ ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই বিজয় শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করার একটি বড় দায়িত্ব। তিনি সকলের সহযোগিতা নিয়ে দেশের ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তার এই বিজয়ে বিভিন্ন ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি বাংলাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করবেন।