
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে।
এ লক্ষ্যে প্রকল্পের প্রস্তাবনায় স্বাক্ষর করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। সংশ্লিষ্টরা বলছেন, শয্যাসংখ্যা বৃদ্ধি পেলে উপজেলার কয়েক লাখ মানুষ আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
বর্তমানে রোগীর চাপের তুলনায় হাসপাতালের শয্যাসংখ্যা অপর্যাপ্ত হওয়ায় চিকিৎসাসেবা দিতে নানা ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। ১০১ শয্যায় উন্নীত হলে নতুন জনবল নিয়োগ, অবকাঠামো সম্প্রসারণ এবং চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আড়াইহাজারবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট অনেকাংশে দূর হবে এবং জরুরি চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে।
এ বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার জনগণ সরাসরি উপকৃত হবে।