বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১২টি মামলায় জামিন পাওয়ার পর বুধবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রাত ১০টা ১০ মিনিটে কারাগার থেকে বের হন তিনি।
কারা সূত্র জানায়, আদালতের জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছানোর পর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্তির সময় কারাগারের বাইরে তার আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেন, স্বজন ও সমর্থকদের কয়েকজন উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের ১২টি মামলায় আইভী অভিযুক্ত রয়েছেন। গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিতের আবেদন করলেও আপিল বিভাগের চেম্বার আদালত তাতে কোনো আদেশ দেননি। এছাড়া আরও ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনও আপিল বিভাগ বহাল রাখে। ফলে সব মিলিয়ে ১২টি মামলায় জামিন নিশ্চিত হওয়ায় তার মুক্তির পথ সুগম হয়।
উল্লেখ্য, ডা. সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি প্রথমে পৌরসভার মেয়র এবং পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিন মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।