বর্তমান নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, স্টার্ক ট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং নাসিক মেয়র পদপ্রার্থী রাকিবুল ইসলাম রাকিব। এসময় তার সহধর্মিণী আনিকাও উপস্থিত ছিলেন এবং নিজ হাতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্যকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন।