
নারায়ণগঞ্জের আড়াইহাজার এ ডাকাতি মামলায় জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মানবিক পুলিশ কর্মকর্তা ওসি আলাউদ্দিন। তিনি নিজেই বিভিন্ন এলাকায় গিয়ে জামিনপ্রাপ্তদের সঙ্গে কথা বলছেন এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পরিবার ও সমাজের সঙ্গে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন।
সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি জামিনে মুক্তি পাওয়া কয়েকজন ব্যক্তির বাড়িতে খোঁজখবর নেন। এ সময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং ভবিষ্যতে যেন তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হন সে বিষয়ে সতর্ক করেন।
ওসি আলাউদ্দিন বলেন, “মানুষ ভুল করতেই পারে। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা জামিনে মুক্তি পেয়েছেন, তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে পুলিশ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে।”
তিনি আরও বলেন, “অপরাধ দমন করার পাশাপাশি মানুষকে সচেতন ও ভালো পথে ফেরানোও পুলিশের দায়িত্ব। কেউ যদি নতুনভাবে জীবন শুরু করতে চায়, তাহলে পুলিশ তার পাশে থাকবে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন। তারা পুলিশের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয়দের মতে, শুধুমাত্র গ্রেপ্তার বা মামলা নয়, অপরাধ থেকে মানুষকে ফিরিয়ে এনে সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করাই সবচেয়ে বড় কাজ।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে তরুণ সমাজ অপরাধ থেকে দূরে থাকবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।