বর্তমান নিউস ডেস্ক :
নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের চেতনা, আদর্শ ও বৈষম্যবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে ৪১ সদস্য বিশিষ্ট ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০ মে) সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আসাদুল ইসলাম ইমুন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. মাহবুব আলমকে আহ্বায়ক এবং মোয়াজ্জেম হোসেন সাগরকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিলশাদ আফরিন। যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন মেহেদি হাসান ইমন, কাজী শাহ আলম কনক, কাওসার আহমেদ সুমন, জহির আহমেদ সোহেল এবং নাঈমুর রওনক খান।
কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হাসান রুমি। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন সিরাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর, ইফতেখার হোসেন ইফতি ও অনিক ভূঁইয়া। এছাড়া কমিটিতে আরও ২৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তরুণ সমাজকে সংগঠিত করেছেন, তাদের সমন্বয়েই এই জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তারা আরও বলেন, নতুন কমিটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ, তরুণদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দ্রুত কমিটি গঠন করা হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “আমরা জুলাই যোদ্ধা” কেবল একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম। সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেছেন।