বর্তমান নিউজ ডেস্ক : নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ–২ (আড়াইহাজার) আসনে মনোনীত প্রার্থী, ঢাকা বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক এবং আড়াইহাজারের সাত লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা নজরুল ইসলাম আজাদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বর্তমান নিউজ পরিবার।
প্রাপ্ত ফলাফলে জানা যায়, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় ১ লক্ষ ৪১ হাজার ২৮৭ ভোট বেশি পেয়ে এই উল্লেখযোগ্য জয় অর্জন করেন। নির্বাচনের ফল ঘোষণার পর আড়াইহাজারজুড়ে সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ–উল্লাসের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয় উদযাপন করতে দেখা যায় কর্মী–সমর্থকদের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং উন্নয়নমুখী প্রতিশ্রুতির ফলেই এ বিজয় এসেছে। দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত এই প্রার্থীর বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অভিনন্দন বার্তায় বর্তমান নিউজ কর্তৃপক্ষ জানায়, এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়— এটি এলাকার জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি আড়াইহাজারের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
এদিকে, বিজয়ের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম আজাদের সমর্থকরা জানান— জনগণের এই রায়ের মর্যাদা রক্ষা করে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং নির্বাচনী প্রতিশ্রতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবেন।