বর্তমান নিউজ ডেস্ক :নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ–২ আসনের আড়াইহাজার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক গ্রহণ করেছেন।
মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন। এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ–২ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। প্রতীক গ্রহণের পর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
বিএনপির স্থানীয় নেতারা জানান, নজরুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে আড়াইহাজারে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এবং তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও দলীয় ঐক্যের মাধ্যমে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয় অর্জন করবে।
এদিকে প্রতীক পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। কোথাও কোথাও মিষ্টি বিতরণ ও সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।