বর্তমান নিউজ ডেস্ক :নিজস্ব প্রতিনিধি।
নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের তল্লা ৯ নম্বর ওয়ার্ডে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী দেশনেত্রী মুরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ শাহ আলম সাহেবের নির্দেশনায় এ মানবিক ও ধর্মীয় কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান সুফিয়ান ও মোঃ নুর আলম। তারা জানান, মুরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি সমাজে মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এ আয়োজন করা হয়েছে।
মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, স্থিতিশীলতা এবং মুরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক থানা সদস্য আলী আজগর, ৭ নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, ফারুক আহমেদ, মোঃ আনিস দেওয়ান, মোঃ হিরন আলী, আব্দুল আলিম, মোঃ ইব্রাহিম সদাগর এবং ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মিন্টুসহ ফতুল্লা ও আশপাশের এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর স্মরণে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি নতুন প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে এলাকাবাসী, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়। এ সময় শত শত মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।