বর্তমান নিউজ ডেস্ক রিপোর্ট:বিশেষ প্রতিবেদক।
নারায়ণগঞ্জ–২ আসন আড়াইহাজার বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদ মাদকমুক্ত আড়াইহাজার গড়ে তোলার লক্ষ্যে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, পরিবার ও সমাজ রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।
সম্প্রতি এক মতবিনিময় সভা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনাকালে নজরুল ইসলাম আজাদ বলেন, “মাদক আজ আমাদের সমাজের সবচেয়ে ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এটি যুবসমাজকে ধ্বংস করছে, পরিবারকে ছিন্নভিন্ন করছে এবং সামাজিক অবক্ষয়কে ত্বরান্বিত করছে। আড়াইহাজারকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য জনপদে রূপান্তর করতে হলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে হবে না। জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম-ওলামা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে যুবসমাজকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নজরুল ইসলাম আজাদ জানান, নির্বাচিত হলে আড়াইহাজারে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স গঠন, নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি, ক্রীড়া ও কর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আমার রাজনীতির মূল লক্ষ্য মানুষের নিরাপত্তা, শান্তি ও ভবিষ্যৎ নিশ্চিত করা। মাদকমুক্ত আড়াইহাজার গড়তে আমি জনগণের সঙ্গে নিয়ে আপসহীনভাবে কাজ করব।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নজরুল ইসলাম আজাদের এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তার এই দৃঢ় ও স্পষ্ট অবস্থান সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।