বর্তমান নিউজ ডেস্ক :বিশেষ প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–২ আসনের আড়াইহাজার বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর মিলাদ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা নজরুল ইসলাম আজাদ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। তার ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি দেশ ও দলের জন্য যে অবদান রেখে গেছেন, তা নতুন প্রজন্মের রাজনীতিবিদদের অনুপ্রেরণা জোগাবে।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বেগম খালেদা জিয়ার স্মৃতি ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে, যা দলকে আরও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে।