বর্তমান নিউজ ডটকম: নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে দখল ও ভরাট হয়ে যাওয়া ১৭ কিলোমিটার খাল উদ্ধারে অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার কায়েমপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এক্সাভেটর (ভেকু) ও পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে খাল পরিষ্কার কার্যক্রম চালানো হয়।
অভিযান শুরুর সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জলাবদ্ধতা নিরসনের জন্য আমি নিজে লালপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যাই। এরপর মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করলে তারা জানান, এখানে একটি বড় প্রকল্প নেয়া হয়েছে। আমি তাদের বোঝাতে সক্ষম হই যে—এই প্রকল্পেও ফতুল্লার জলাবদ্ধতা নিরসন হয়নি। পরে আমরা একটি কমিটি গঠন করি। কমিটির রিপোর্ট অনুযায়ী, নারায়ণগঞ্জে ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার খাল দখল ও ভরাট হয়ে গেছে। ফলে এই অংশ দিয়ে পানি প্রবাহ সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “রিপোর্টটি মন্ত্রণালয়ে পাঠানো হলে তারা দ্রুত প্রকল্প অনুমোদন দেন। আজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫৬টি স্পটে একযোগে পরিষ্কার ও দখলমুক্ত করার অভিযান শুরু হয়েছে। এই সব খালগুলো আমরা ভবিষ্যতে মাছের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলবো।”
জেলা প্রশাসক নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান, খাল দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসনে এই অভিযানে সক্রিয় সহযোগিতা করতে।